ব্রাহ্মণবাড়িয়ায় দুই নৌকার সংঘর্ষে এক মাঝি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরসংলগ্ন তিতাস নদীতে গতকাল শুক্রবার ইঞ্জিনচালিত দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে একটির মাঝি শামসুদ্দিন (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় অপর নৌকায় থাকা মাঝিসহ সাতজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শহরের শিমরাইলকান্দি সংলগ্ন তিতাস নদীতে ভোর সাড়ে ছয়টার দিকে আখাউড়াগামী ইটবোঝাই একটি নৌকার সঙ্গে সরাইলগামী নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দ্বিতীয় নৌকার মাঝি শামসুদ্দিন খাওয়াদাওয়া করছিলেন। দুটি নৌকার সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর উত্তর পাড়ায়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইট বহনকারী নৌকায় থাকা মাঝিসহ সাতজনকে আটক এবং নৌকা ও ইট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।