ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর ও দক্ষিণ সুহিলপুরের বাসিন্দাদের মধ্যে গতকাল বুধবার আবারও সংঘর্ষ হয়েছে। চার ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে কমপক্ষে অর্ধশত গ্রামবাসী আহত হয়েছেন। পুলিশ লাঠিপেটা, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানান, কয়েক দিন আগে হয়ে যাওয়া একটি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে দক্ষিণ সুহিলপুরের এক যুবককে প্রতিপক্ষ মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এই দিন অন্তত ৩০ জন আহত হন। আগের দিনের এ সংঘর্ষের জের ধরে গতকাল সকালে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়। দুপুর পর্যন্ত থেমে থেমে চলে এ সংঘর্ষ। এ সময় কুমিল্লা-সিলেট মহাসড়কে বেশ কয়েকবার যান চলাচল ব্যাহত হয়। সংঘর্ষে আহত ব্যক্তিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।সময় টিভির ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চিফ উজ্জ্বল চক্রবর্তী জানান, সংঘর্ষের ছবি তুলতে গিয়ে তাঁদের টিভির চিত্রগ্রাহক জুয়েল রহমান দাঙ্গাবাজদের হামলায় আহত হন। তাঁর ক্যামেরাও ভাঙচুর করা হয়। জুয়েলকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।