ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকুট গ্রামে সংঘর্ষে আহত যুবকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৬ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। গত রোববার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত দুই দফার এই সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ চারটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও ১৮টি রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত ৩০ জনকে আটক করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চিলোকুট গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঈদের পরদিন স্থানীয় আমির হোসেন ও চৌধুরী বংশের কয়েকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আমিরের পক্ষের জীবন নামের এক যুবকসহ কয়েকজন আহত হয়। জীবনকে চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গত রোববার রাতে গ্রামে গুজব ছড়িয়ে পড়ে জীবন মারা গেছে। এতে আমিরের পক্ষে গ্রামের জব্বার আলীর লোকজন ও চৌধুরীদের পক্ষে সিরাজ হাজি ও আসকর আলীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত পাঁচজন আহত হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে এবং গ্রামে অবস্থান নেয়। গতকাল সকালে পুলিশের উপস্থিতিতে আবারও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় চার ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ বল্লম, ছোরা, ইটসহ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। এতে উভয় পক্ষের আরও ২১ জন আহত হয়। উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিত্সা নিয়েছেন।গতকাল সকালে দ্বিতীয় দফা সংঘর্ষের সময় উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) সঞ্জয় সরকার ও সদর থানার পরিদর্শক (ওসি) হামিদুল ইসলামের নেতৃত্বে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিকেল পর্যন্ত আরও ২০ জনকে আটক করা হয়।এএসপি সঞ্জয় সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের চারটি শেল ও ১৮টি গুলি ছোড়া হয়েছে। সদর থানা সূত্র জানায়, গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি।