ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিহাইর গ্রামে আজ শুক্রবার ভোরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর চালানো হয়। স্থানীয় কালাগাজি ও নাগরবাড়ি গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, কয়েক দিন আগে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নাগরবাড়ির জাহের মিয়ার ছেলে রাসেল মিয়াকে মারধর করে কালাগাজি গোষ্ঠীর লোকজন।
এ ঘটনার জের ধরে আজ ভোর ছয়টার দিকে দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষই দেশি অস্ত্রে সজ্জিত হয়ে পরস্পরের ওপর হামলা চালায়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল নয়টা পর্যন্ত চলা সংঘর্ষে আহত ২৫ জনকে চিকিত্সার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, খুব ভোরে দুই পক্ষ দেশে তৈরি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।