ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নন্দনপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। এ সময় দোকানপাটসহ ১২টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সংঘর্ষ চলাকালে সাত দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ। আহত ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসীর অনেকে জানান, সকালে নন্দনপুরে আবদুল হকের জমিতে ক্রিকেট খেলা নিয়ে হেলাল মেম্বারের লোকজনের সঙ্গে হিরা মিয়ার লোকজনের কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষের কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল।