ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয়ের খণ্ডকালীন দুই শিক্ষককে অব্যাহতি দেওয়ার জের ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভাঙচুর ও বিক্ষোভের ঘটনায় মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মোস্তফা কামাল পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলামকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় আটক হওয়া দুই শিক্ষক ও এক নারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন কবিতা বেগম, বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবু বক্কর সিদ্দিক ও নজরুল ইসলাম।
পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মোস্তফা কামালের মধ্যে প্রধান শিক্ষক পদ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রসংগত, বৃহস্পতিবার সকালে শফিকুল ইসলাম বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক তানভিরুল ইসলাম ও হাফিজুর রহমানকে বিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়ায় ছাত্ররা ক্লাস বর্জন ও বিক্ষোভ করে। তারা শ্রেণিকক্ষে ব্যাপক ভাঙচুরও চালায়। এ সময় পাঁচজন ছাত্র আহত হয়।