ব্রাহ্মণবাড়িয়ায় দুটি সড়কে খানাখন্দ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পিটিআই মোড় থেকে উলচাপাড়া পর্যন্ত আড়াই কিলোমিটার এবং কালীবাড়ি মোড় থেকে পৈরতলা পর্যন্ত আধা কিলোমিটার সড়কে অসংখ্য খানাখন্দ। অনেক স্থানে পিচ নেই বললেই চলে। এসব খানাখন্দে সামান্য বৃষ্টিতেই পানি জমে, রোদে ধুলা ওড়ে। এতে সড়কগুলো দিয়ে চলাচল করতে গিয়ে শহরের হাজার হাজার মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক দুটি জেলা পরিষদের অধীন। পৌরসভার উত্তর মৌড়াইল, পুনিয়াউট, নয়নপুর, চন্ডারখিল এবং সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া, মোহাম্মদপুর, বিজেশ্বর গ্রামের ১০-১২ হাজার মানুষ পিটিআই মোড় থেকে উলপাড়া সেতু পর্যন্ত বেশি যাতায়াত করে। সড়কটি ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা, জেলা সদর হাসপাতাল, ব্যাংক ও স্কুল-কলেজে যেতে হয়।
এদিকে কালীবাড়ি মোড় থেকে পৈরতলা স্ট্যান্ড পেরিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে উঠতে হয়। পৌর শহরের কাজীপাড়া, সরকারপাড়া, উত্তর পৈরতলা, ছয়বাড়িয়া, গোকর্ণ এলাকাসহ শহরের প্রায় ৩০-৪০ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে। ঢাকা, সিলেট, কুমিল্লাসহ দূরপাল্লার যাত্রীরা পৈরতলা বাসস্ট্যান্ড থেকে রওনা হন। সড়ক দুটি বেহাল হওয়ায় হাজার হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
সম্প্রতি গিয়ে দেখা যায়, পিটিআই মোড় থেকে উলচাপাড়া সেতু পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কের উত্তর মৌড়াইল, উত্তর পুনিয়াউট, পুনিয়াউট রেলগেট এলাকা, পুনিয়াউট বালুর মাঠ, পুনিয়াউট কবরস্থান এলাকায় ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। আর নয়নপুর বিশ্বরোডের মোড় থেকে উলচাপাড়া সেতু পর্যন্ত রাস্তারও একই দশা। নয়নপুর গ্রামের আবু কালামের দোকান, নয়নপুর কবরস্থান এলাকা ও ভূঁইয়া বাড়ির সামনের অংশের রাস্তায় পিচের অস্তিত্ব নেই। সড়কের গর্তগুলো কোথাও ২-৩ তিন ফুট, আবার কোথাও ১০-১৫ ফুটজুড়ে বিস্তৃত। গর্তের কারণে চালকেরা ধীরে ধীরে গাড়ি চালাচ্ছেন। বৃষ্টির পানি জমে এগুলো যেন ডোবায় পরিণত হয়েছে।
কালীবাড়ি মোড় থেকে পৈরতলা বাসস্ট্যান্ড সড়কের সরকারপাড়া, বেপারীপাড়া, পৈরতলা জেলা পরিষদ মার্কেট-সংলগ্ন সামনের এলাকা ও পৈরতলা বাসস্ট্যান্ড সোহাগ বাস কাউন্টারের সামনে অংশের পিচ উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি উপজেলা পোস্টমাস্টার পদে নিয়োগ পাওয়া পুনিয়াউটের বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, এর চেয়ে খারাপ রাস্তা শহরের আর কোথাও নেই। শুষ্ক মৌসুমে ধুলাবালু উড়ে। আর বর্ষাকালে গর্তের আটকে পড়া পানির কারণে এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না। সড়ক বেহাল, কিন্তু দেখার কেউ নেই।
নয়নপুর গ্রামের বাসিন্দা করিম খান ও হাফিজ মিয়া বলেন, পাঁচ-ছয় বছর এসব রাস্তার কোনো সংস্কার বা মেরামতকাজ হয়নি। জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করেও তেমন কোনো সাড়া পাওয়া যায়নি।
নয়নপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘দুই বছরে ধরে শুনে আসছি রাস্তা সংস্কার করা হবে। রাস্তার দুরবস্থার জন্য নয়নপুর এলাকায় ভাড়াটেরা আসতে চায় না। এখানকার অনেক বাসা খালি পড়ে আছে।’
জেলা পরিষদের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী আবদুল হামিদ বলেন, ৪০ লাখ টাকা ব্যয়ে শিগগিরই পিটিআই মোড় থেকে উলচাপাড়া সেতু পর্যন্ত এক কিলোমিটার সংস্কার করা হবে। দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। পিটিআই মোড় থেকে পুনিয়াউট রেলগেট পর্যন্ত ৫০০ মিটার কার্পেটিং এবং নয়নপুর বিশ্বরোড মোড় থেকে উলচাপাড়া সড়কের আরও ৫০০ মিটার কার্পেটিং ও সিলকোটের কাজ করা হবে। এ ছাড়া কালীবাড়ি মোড় থেকে পৈরতলা বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের সংস্কারকাজের দরপত্র প্রক্রিয়াধীন।