ব্রাহ্মণবাড়িয়ায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে শিশুসহ আহত অর্ধশত
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় গতকাল বুধবার সকালে তুচ্ছ ঘটনার জের ধরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে শিশুসহ অর্ধশত লোকজন আহত হয়েছে। এ সময় দাঙ্গাবাজেরা বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাট চালায়।সংঘর্ষ চলাকালে দাঙ্গাবাজেরা কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এতে দুই ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কলামুড়ি গ্রামের এক ব্যক্তি নন্দনপুর বাজারে কলা বিক্রি করতে আসেন। নন্দনপুর গ্রামের এক লোক কলা কিনতে গিয়ে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় নন্দনপুর গ্রামের লোকজন কলামুড়ির কলা বিক্রেতাকে মারধর করে। কিছুক্ষণ পর কলামুড়ি গ্রামের লোকজন নন্দনপুর বাজারসংলগ্ন বিলাল মিয়ার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।এর জের ধরে মাইকে ঘোষণা দিয়ে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে কলামুড়ি, হাড়িয়া, ছাতিয়াইন গ্রাম এবং নন্দনপুর গ্রামের দাঙ্গাবাজ লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আড়াই ঘণ্টার সংঘর্ষে উভয় পক্ষের অন্তত শিশুসহ অর্ধশত লোকজন আহত হয়। সংঘর্ষকারীরা বেশ কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাট চালায়।সংঘর্ষ চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় পাঁচ-ছয় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।