ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর ও দক্ষিণ সুহিলপুরের বাসিন্দাদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।এলাকাবাসী ও পুলিশ জানায়, সপ্তাহ খানেক আগে স্থানীয় সুহিলপুর গরু বাজার মাঠে অনুষ্ঠিত ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গতকাল সকালে সুহিলপুর বাজারে দক্ষিণ সুহিলপুরের এক যুবককে উত্তর সুহিলপুরের কয়েকজন মিলে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে দক্ষিণ সুহিলপুরের বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে বাজারে আসা উত্তর সুহিলপুরবাসীর ওপর হামলা চালায়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাজারের বেশ কয়েকটি দোকানে লুটপাটের ঘটনাও ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দক্ষিণ সুহিলপুরের স্বর্ণা মাইক সার্ভিসের মালিক রাহিম চৌধুরী জানান, সংঘর্ষের সময় তাঁর দোকানসহ বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এ সময় দোকানগুলোতে লুটপাটও করে সুযোগ সন্ধানীরা। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বলেন, সংঘর্ষে ৩০ জনের মত আহত হয়েছেন। তাঁদের মধ্যে ইউসুফ মিয়া (৫০), ইদ্রিস মিয়া (৪৭), হাসেন মিয়া (৪২), সাচ্চু মিয়া (৩৫), দানা মিয়া (৩৫), জুয়েল মিয়া (৩০), ঈদন মিয়া (২৮), মমিন মিয়া (২৭) ও রানোয়ারা বেগমকে (৪০) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন। ব্যাপক লাঠিচার্জের পর সংঘর্ষ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি।