ব্রাহ্মণবাড়িয়ায় দুলাভাইকে বাঁচাতে গিয়ে শ্যালক খুন
দুলাভাইকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে খুন হয়েছেন শ্যালক। নিহত শ্যালকের নাম আবুল হোসেন (২৮)। তিনি সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের নাসিরপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়া এলাকায়। পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের পাইকপাড়ার ইদ্রিস মিয়ার ছেলে নুরু মিয়া (৩০), বিল্লাল হোসেন (২৭), আব্বাস মিয়া (২২) ও আল-আমিনের (২০) মধ্যে বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে নুরু মিয়া শহরের পূর্ব মেড্ডায় ভাড়াবাড়িতে বসবাস করেন। গত রোববার বিকেলে নুরু মিয়ার স্ত্রী ফাতেমা আক্তারকে (৩২) পাইকপাড়ার বাসায় ডেকে নেন বিল্লাল হোসেন। পরে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হলে বিল্লাল ও তাঁর অপর ছোট দুই ভাই ফাতেমাকে মারধর করেন। কিছুক্ষণ পর বড় ভাই নুরু মিয়া ঘটনাস্থলে গেলে তাঁকেও মারধর করা হয়। খবর পেয়ে সন্ধ্যার পর ওই বাড়িতে ছুটে যান ফাতেমার ছোট ভাই আবুল হোসেন। তাঁকে ওই বাড়িতে দেখে বিল্লাল হোসেন ও অন্য ছোট ভাইয়েরা ক্ষিপ্ত হয়ে নুরু মিয়াকে আবার মারধর শুরু করেন। এ সময় বাধা দিতে গেলে বিল্লাল ক্ষিপ্ত হয়ে আবুল হোসেনকে ছুরিকাঘাত করেন। উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় এলাকাবাসীর সহায়তায় পুলিশ রক্তমাখা ছুরিসহ ঘাতক বিল্লাল মিয়া, ছোট ভাই আল-আমিন ও তাঁর মা জহুরা বেগমকে গ্রেপ্তার করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বলেন, এ ঘটনায় বিল্লালসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।