ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে কুমিল্লা-সিলেট মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রেখেছিলেন শ্রমিক লীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার বেলা একটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়া বাসস্ট্যান্ডে টায়ারে আগুন ধরিয়ে দিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আড়াইটার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন।জানা যায়, গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের টি এ রোডে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ ভূঁইয়াকে ছুরিকাঘাত করেন শ্রমিক লীগের একদল কর্মী। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতাল নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাঁকে ঢাকায় পাঠানো হয়। রাতে এ ঘটনায় মামলা হলে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে তাঁর গ্রেপ্তারের খবর পেয়ে ফুঁসে ওঠেন শ্রমিক লীগের নেতা-কর্মীসহ মধ্যপাড়া এলাকার লোকজন। জেলা শ্রমিক লীগের সভাপতি কাওসার আহমেদ বলেন, ‘ইফতারের পর আমরা ৪২টি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আলোচনায় বসব। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’ ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বলেন, আইনি প্রক্রিয়া অবলম্বন করে আদালতের মাধ্যমে মালেক চৌধুরীকে জামিনে বের করতে অনুরোধ করলে নেতা-কর্মীরা অবরোধ তুলে নেন।