ব্রাহ্মণবাড়িয়ায় নিহতদের বাড়িতে চলছে মাতম
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জনের মধ্যে দশজনই ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রলীগের নেতা-কর্মী। এই মৃত্যুর ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক এজিএস নিহত আরিফুল ইসলামের কাজীপাড়ার বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা রাহেলা বেগম। চার ভাই, এক বোনের মধ্যে বাবু তৃতীয়। সদর উপজেলার সুহিলপুর গ্রামের এমরানের বাড়িতে গিয়ে জানা যায়, চার ভাই, তিন বোনের মধ্যে এমরান সবার বড়। বাবা সফিউল্লাহ মারা গেছেন প্রায় ১০ বছর আগে। এমরানই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। শিমরাইলকান্দি গ্রামের শেখ রায়হানের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর বৃদ্ধ মা বারবারই মূর্ছা যাচ্ছেন। বাড়ির লোকজন জানান, নবনির্বাচিত সাংসদ মোকতাদির চৌধুরীর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হন তিনি। মধ্যপাড়ার পাভেলের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির লোকজনের সঙ্গে কয়েকজন প্রতিবেশীও কান্নায় ভেঙে পড়েছেন। কাজীপাড়ার রোমেল ছয় বোনের একমাত্র ভাই। তাঁর মৃত্যুতে বাড়ির সবাই শোকে স্তব্ধ। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রথম আলোকে জানান, ঢাকা থেকে প্রায় ৩৫টি মাইক্রোবাসের বহর নিয়ে টুঙ্গিপাড়া যান নবনির্বাচিত সাংসদ মোকতাদির চৌধুরী। মাওয়া ঘাট থেকে ফেরিতে উঠতে না পেরে তাদের মাইক্রোবাসসহ পাঁচটি মাইক্রোবাস ফিরে আসে। তিনি জানান, টুঙ্গিপাড়া থেকে ফেরার পথে ভাঙ্গা উপজেলার তারাইলে একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোবাসের আরোহী সবাই মারা যান।