ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘট, প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস মালিক সমিতির এক নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল বুধবার পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। প্রথমে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেওয়া হলেও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর রাত নয়টার দিকে তা প্রত্যাহার করা হয়।জানা গেছে, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার ওপর গত মঙ্গলবার সন্ধ্যায় হামলা চালায় সন্ত্রাসীরা। এর প্রতিবাদে জেলার পরিবহন মালিক-শ্রমিকেরা ওই দিন রাত আটটার দিকে শহরতলির ঘাটুরা এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। একই সঙ্গে ঘটনার প্রতিবাদে গতকাল সকাল থেকে তাঁরা অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করে। পরে সন্ধ্যায় জেলা প্রশাসক মো. হাইয়ুল কাইয়ুম ও পুলিশ সুপার মো. মোখলেসুর রহমানের সঙ্গে বাস মালিক নেতাদের বৈঠক হয়। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির আশ্বাস দেওয়ার পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। গতকাল সকালে জেলা সড়ক পরিবহন কার্যালয় প্রাঙ্গণে মালিক-শ্রমিকেরা প্রতিবাদ সভা করেছেন। জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা বাস মালিক সমিতির সভাপতি জি কে মঈন উদ্দিন, মালিক সমিতির নেতা সহিদুল হক, আনোয়ার খান, হুমায়ুন চৌধুরী, নিয়ামত খান প্রমুখ। আলমগীর মিয়া জানান, ঢাকা যাওয়ার উদ্দেশে গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তিনি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যান। এ সময় জেলা শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান খানের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী তাঁকে মারধর করে।আশিকুর রহমান হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তিনি (আলমগীর) আমার বড় ভাইয়ের বন্ধু। আমি তাঁকে মারধর করতে পারি না। তবে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শ্রমিকেরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিল। তাঁরাই এ ঘটনা ঘটাতে পারে।’