ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির উঠান বৈঠক

ব্রাহ্মণবাড়িয়া জেলা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে বিদ্যুৎ গ্রাহকেরা তাদের সমস্যাগুলো তুলে ধরেন এবং সমাধানের আশ্বাস পান।
গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নে বাবু সুহাস দাস চৌধুরীর বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকের প্রতিপাদ্য বিষয় ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষকে সামনে রেখে গ্রাহকদের বিশেষ সেবা দেওয়া। নামমাত্র মূল্যে দ্রুত সময়ের মধ্যে নতুন মিটার সংযোগ দেওয়া, লালপুরের বিদ্যুৎ অবস্থা লোডশেডিং, লো ভোল্টেজ কমানোর জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দিতে লালপুরে একটি সাবস্টেশন স্থাপন নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বিদ্যুৎ ব্যবহারকালে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধ কীভাবে করা যাবে আলোচনা হয় তা নিয়েও। বৈঠকে বিদ্যুৎ গ্রাহকেরা তাদের সমস্যাগুলো তুলে ধরেন। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ উঠান বৈঠক নিয়মিত আয়োজনের দাবি জানান স্থানীয় লোকজন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল খায়ের, ব্রাহ্মণবাড়িয়া জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম শাহজাহান তালুকদার, এজিএম নুরুল আলমসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় লোকজন।
মো. জুনাইদ উল্লাহ, লালপুর, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া