ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ
যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পাঁচ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের আজ বুধবার বেলা তিনটার দিকে এ নোটিশ দেন।
নোটিশপ্রাপ্ত শিক্ষকেরা হলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিদাস ভৌমিক, সহকারী শিক্ষক মশিউর রহমান, নারগিছ আক্তার, মণি দাস ও শেফালি বেগম। ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় অভিভাবক সূত্র জানায়, উপজেলার শাহজাদাপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সব শিক্ষক আজ সকাল সাড়ে নয়টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হননি। তাঁরা বেলা ১১টার পর এক এক করে বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় লোকজনের মাধ্যমে অবগত হন। পরে শিক্ষা কর্মকর্তা এ ব্যাপারে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিদাস ভৌমিক বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আজ সকালে আমি একজন সহকারী শিক্ষককে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের উপবৃত্তির কাজে উপজেলা সদরে ছিলাম। পরে বিদ্যালয়ে উপস্থিত হয়েছি। অন্যরা কেন যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হননি তা জানি না।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের প্রথম আলোকে বলেন, আগামীকাল বৃহস্পতিবার বেলা তিনটার মধ্যে প্রধান শিক্ষকসহ পাঁচজনকে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।