ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন অটোরিকশার চালক মাসুক মিয়া (৪০) ও যাত্রী শ্যাম লাল দাস (৪০)।
প্রত্যক্ষদর্শী লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে হবিগঞ্জের মাধবপুরের উদ্দেশে যাচ্ছিল। অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে নেওয়ার পর এক নারী নিহত হন।
ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড খাটিহাতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (সার্জেন্ট) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।