ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে গতকাল বুধবার সিএনজিচালিত অটোরিকশার চালককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে উপজেলা সদরের প্রায় অর্ধশত চালক ওই এসআইকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।জানা গেছে, বাঞ্ছারামপুর থানার এসআই সালাহউদ্দিন আসামি চালান দেওয়ার কথা বলে জাহাঙ্গীর নামের সিএনজিচালিত অটোরিকশার এক চালককে গতকাল সকাল ১০টার দিকে অটোরিকশাসহ থানায় ডেকে নেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা ওই চালককে বসিয়ে রেখে তারপর চলে যেতে বলেন। এ সময় চালক জাহাঙ্গীর কিছু ভাড়া দাবি করলে সালাহউদ্দিন ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করে থানায় আটকে রাখেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর অটো সিএনজি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি কায়কোবাদ থানায় গেলে তাঁকেও মারধর করে প্রায় এক ঘণ্টা হাজতে আটকে রাখেন। বেলা তিনটার দিকে খবর পেয়ে অটোরিকশার চালকেরা থানায় এসে জড়ো হলে তাঁদের ছেড়ে দেওয়া হয়। পরে বিকেল পাঁচটার দিকে শ্রমিকেরা ব্যানার নিয়ে এসআই সালাহউদ্দিনকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টিঅ্যান্ডটি-সংলগ্ন অটোরিকশা স্টেশনে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় বাঞ্ছারামপুর-গৌরীপুর সড়কে প্রায় তিন ঘণ্টা অটোরিকশা চলাচল বন্ধ থাকলে যাত্রীরা দুর্ভোগে পড়ে।চালক জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, ‘সালাহউদ্দিন সারে বাওনাইরা (ব্রাহ্মণবাড়িয়া) আমারে নিয়া থানায় সাড়ে ঘণ্টা রাইখা চইলা যাইতে কয়। সারাডা সকাল বসাইয়া রাইখা আমারে যাইতে কইলে আমি কিছু খরচের টেকা চাইলে আমার কাছে গাড়ির কাগজ চায়। দেখাইতে না পারলে আমারে বেত দিয়া পিটাইয়া থানায় আটকাইয়া রাখছে।’কায়কোবাদ অভিযোগ করে বলেন, ‘আমি গেছি ঘটনাটা জানতে। আমি সালাহউদ্দিন সারকে জিজ্ঞেস করতেই আমারে মাইরধর করতে থাকে। আর আমারে থানার হাজতে এক ঘণ্টা আটকাইয়া রাখে।’বাঞ্ছারামপুর থানার এসআই সালাহউদ্দিন মারধরের কথা অস্বীকার করে বলেন, ‘ওসি স্যারের নির্দেশে জেলায় আসামি পাঠানোর জন্য সিএনজিচালিত একটি অটোরিকশা থানায় আনার কয়েক ঘণ্টা পর তাঁকে চলে যেতে বলি। কিন্তু চালক ব্রাহ্মণবড়িয়ার পুরো ভাড়া চাইলে আমি তাঁর কাগজপত্র চাই। সে দেখাতে না পারলে আমি তাঁকে থানায় বসিয়ে রাখি। এর কিছুক্ষণ পর কায়কোবাদ এসে আমার সঙ্গে খারাপ আচরণ করেন এবং আরও লোকজন এসে জমা হলে তাঁরা থানা থেকে চলে যান।’