ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে রেলপথ অবরোধ, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় জুয়েল চক্রবর্তী (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে শহরের পাইকপাড়া এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশের ভাষ্যমতে, দ্রুত বিচার আইনে করা একটি মামলায় গত রোববার রাতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে তাঁর সমর্থকেরা সড়ক ও রেলপথ অবরোধ এবং গাড়ি ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে মাহমুদুলের সমর্থকেরা। এতে পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। এ ঘটনায় গত সোমবার দিবাগত রাতে অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এদিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুলকে গত মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়া কারাগারের তত্ত্বাবধায়ক গিয়াসউদ্দিন প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাহমুদুলকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। বিক্ষোভ মিছিল: মাহমুদুলকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন বেশ কয়েকজন নারী। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পৌর ভবনসংলগ্ন এলাকায় শেষ হয়।এদিকে গ্রেপ্তার আতঙ্কে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকার লোকজন এখনো পালিয়ে বেড়াচ্ছে। মাহমুদুলের বাড়ি ভাদুঘর এলাকা।