ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শেরপুর এলাকার একটি ভবন থেকে বেসরকারি প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার পুলিশ লাশটি উদ্ধার করে।নিহত ব্যক্তির নাম কাজী মো. ফিরোজ (৩৫)। তিনি ভারতীয় মাহেন্দ্র ট্রাক্টর কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ অঞ্চলের সহকারী প্রকৌশলী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফেনীর ধর্মপুর গ্রামে। তিনি শেরপুর এলাকার রফিকুল ইসলামের বহুতল ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে ফিরোজের মুঠোফোনে অনেকবার কল আসে। বারবার রিং বাজতে থাকায় এবং দুপুর ১২টা পর্যন্ত ঘরের দরজা না খোলায় এলাকাবাসী বিষয়টি সদর থানার পুলিশকে জানান। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। মাহেন্দ্র ট্রাক্টর কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ অঞ্চলের বিপণন কর্মকর্তা মো. জাকারিয়া জানান, তিনি ফিরোজের মুঠোফোনে একাধিকবার ফোন করছিলেন। কিন্তু তিনি (ফিরোজ) ফোন ধরেননি। পরে তিনি শেরপুর এলাকায় আসেন এবং বিষয়টি পুলিশকে জানান। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে ফিরোজের স্বাভাবিক মৃত্যু হয়েছে। কারণ, তাঁর শরীরে কোনো ধরনের চিহ্ন বা ক্ষত পাওয়া যায়নি। মৃত্যুর আসল কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।