ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে (ক্লিনিক) আটকে প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেন ও স্থানীয় আরও দুজন সাংবাদিকসহ পাঁচজনকে বেধড়ক মারধর করে আহত করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার মডেল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন ক্লিনিকের মালিক চিকিৎসক ফরিদ উদ্দিন আহমেদ (৫০), কর্মচারী কবির হোসেন (৩৫), তারিকুল ইসলাম (২২) ও আরিফুল ইসলাম (২০)। ফরিদ উদ্দিন আহমেঞ্চদ জামায়াতে ইসলামীর রুকন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা সূত্রে জানা গেছে, প্রথম আলোর ভৈরব কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে গতকাল সকালে আখাউড়ায় যান। তাঁর সঙ্গে প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামানও ছিলেন। দুপুরে তাঁরা আখাউড়া থেকে ফিরছিলেন। সাংবাদিকদের বহন করা গাড়িটি সদর উপজেলার চিনাইর মোড় অতিক্রমের সময় এটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী স্থানীয় যুবক জসীম উদ্দিন ডান হাতের পাঁজরে চোট পান। তাঁকে চিকিৎসার জন্য সাংবাদিকেরা ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইলের মডেল জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় সুমন ও মনিরুজ্জামানের সঙ্গে হাসপাতালে আসেন শাহাদৎসহ স্থানীয় কয়েকজন সাংবাদিক। ক্লিনিকের মালিক ফরিদ উদ্দিন আহমেঞ্চদ আহত জসীমের আত্মীয়। কারা জসীমকে হাসপাতালে এনেছেন তা তিনি জানতে চান। প্রথম আলোর সাংবাদিক পরিচয় পেয়েই তিনি উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে হাসপাতালের মূল ফটক বন্ধ করে হাসপাতালের দ্বিতীয় তলায় থাকা সাংবাদিকদের ওপর চিকিৎসক ও কর্মচারীরা মিলে হামলা করেন। এ সময় সাংবাদিকেরা প্রাণ বাঁচাতে ছুটতে থাকলে হাসপাতালের কর্মীরা তাঁদের ধরে এনে বেদম মারধর করেন। প্রাণ রক্ষায় সাংবাদিকের স্ত্রী দুই শিশুসন্তানসহ মহিলা ওয়ার্ডে গিয়ে আশ্রয় নেন। রোগীদের চিকিৎসার কাঁচি দিয়ে প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেনের ডান চোখের কোণায় আঘাত করা হয়। তাঁর চোখের নিচ দিয়ে রক্ত পড়া অবস্থায় তাঁকে হাসপাতালের মেঝেতে ফেলে এলোপাতাড়ি কিল ও লাথি মারতে থাকে। খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে সাংবাদিকদের উদ্ধার করেন। শাহাদৎকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় আহত দেশ টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুক হূদয় (২৬), ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক সুমন নূর (২৫), মাইনুদ্দিন রুবেল (২১) ও টিপু মোল্লা (২৭) সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পরই ব্রাহ্মণবাড়িয়ার আরও কয়েকজন সাংবাদিক হাসপাতালে ছুটে যান। তাঁরা ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব কোষাধ্যক্ষ মো. শাহজাদা প্রথম আলোকে বলেন, ফরিদ উদ্দিন আহমেঞ্চদ নানা কারণে জেলায় সমালোচিত। আহত সাংবাদিক শাহাদৎ হোসেন বলেন, ‘ঘটনাটি পরিকল্পিত ছিল। হাসপাতালের ফটক বন্ধ করে আমাদের ওপর আক্রমণ করা হয়।’ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে। অভিযুক্ত চিকিৎসকসহ চারজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।