ব্রাহ্মণবাড়িয়ায় ফের ঝড়, ঘর ও ফসলের ক্ষতি, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা, সরাইল ও নবীনগর উপজেলায় গতকাল শনিবার ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।উপজেলা প্রশাসন, প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:কসবা: মূলগ্রাম ইউনিয়নের মূলগ্রাম, পুকুরপাড় ও ময়দাগঞ্জ গ্রামে সন্ধ্যা সাতটার দিকে ঝড়ের আঘাতে শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। মূলগ্রাম বাজারের বেশ কয়েকটি দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মূলগ্রাম উচ্চবিদ্যালয়সহ বিপুল পরিমাণ গাছপালা ভেঙে গেছে। ঝড়ে ইউপি সদস্য অনু মিয়াসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ৬০-৭০টি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ রোববার ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব পাওয়া যাবে।মূলগ্রাম ইউপির চেয়ারম্যান মো. মাইনুল হোসেন জানান, ৮ মের ঘটে যাওয়া টর্নেডোর ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই আবার ঝড়ে ৬০-৭০টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি।উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া জানান, ঝড়ে মূলগ্রাম উচ্চবিদ্যালয়, মূলগ্রাম বাজারের বেশ কয়েকটি দোকানপাটসহ শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।সরাইল: বেলা দুইটার দিকে ঝড়ে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা, জালালপুর ও শান্তিনগর গ্রামের ১৫-২০টি কাঁচাঘর পড়ে যায়। ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলায় ২০-২৫টি গাছ উপড়ে পড়ে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে গাছ সরিয়ে নিলে আড়াইটার পর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। একই সময়ে উপজেলা সদরের বালিকা উচ্চবিদ্যালয়ের একটি গাছ উপড়ে পড়ে একটি আধা পাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের পর থেকে উপজেলার সর্বত্র বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য খোঁজখবর নেওয়া হচ্ছে।নবীনগর: আলমনগর, ওয়ারুক, কণিকাড়া, মেরকুটা ও শ্রীরামপুর গ্রামে সন্ধ্যায় হঠাৎ ঝড়ে প্রায় অর্ধশত ঘর বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইউএনও নাজিম উদ্দীন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি মুঠোফোনে বলেন, ‘আমি এখন আলমনগর গ্রামে বিধ্বস্ত এলাকায় আছি। এ গ্রামে ১৩টি ঘর বিধ্বস্ত হয়েছে। বাকি গ্রামগুলোর অবস্থাও দেখতে যাচ্ছি।’