ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও বিজয়নগরে পৃথক বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাসিরনগর উপজেলার বালিখোলা গ্রামে এবং গতকাল বুধবার রাতে বিজয়নগর উপজেলার খাটিঙ্গা গ্রামে পৃথক দুটি ঘটনা ঘটে।

এই চারজন হলেন নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বালিখোলা গ্রামের মন্তু মিয়া, সহিদ মিয়া ও জিনু মিয়া এবং বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামের আবদুল হান্নান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাসিরনগর উপজেলার বালিখোলা গ্রামের পাঁচ জেলে আজ সকাল থেকে বেমালিয়া নদীতে মাছ শিকার করছিলেন। বেলা ১১টার দিকে ঝড় ও বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে তাঁরা নদীপাড়ের একটি ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত বাকি দুজন মিরাজ মিয়া ও রেশম মিয়াকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম জানান, মিরাজ ও রেশমের শরীর ঝলসে গেছে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে অনুদান প্রদান করা হবে।

আর আবদুল হান্নানের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ।