ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাজলা বিলে ধান কাটা শেষে বাড়ি ফেরার সময় বজ্রপাতে ছয় ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও অন্তত তিনজন আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার চিনাইর গ্রামের উত্তরপাড়ার হাকিম মিয়া, আমির হোসেন ও আফু মিয়া; ময়মনসিংহের তারাকান্দার বনপলাশিয়া গ্রামের কৃষিশ্রমিক জামাল মিয়া এবং হালুয়াঘাটের দুবাউড়া গ্রামের কৃষিশ্রমিক আবুল কালাম ও ইয়াকুব মিয়া।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাজলা বিলের আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় কোনো বাড়িঘর নেই। বিলটিতে এখন ধান কাটা চলছে। প্রতিদিন সেখানে শতাধিক মানুষ ধান কাটে। বুধবার বিকেলে আকাশে মেঘ জমে। পরে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে থাকে। এ সময় লোকজন তিতাস নদী পার হয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছোটে।খেয়াঘাটের মাঝি নিকাইল মিয়া প্রথম আলোকে জানান, প্রথম দফায় প্রায় ৩৫ জনকে নদী পার করেন তিনি। দ্বিতীয়বার আরও অন্তত ৩৫ জনকে নৌকায় তোলেন। তীরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ বিদ্যুৎ চমকালে তিনি নদীর পানিতে পড়ে যান।চিনাইর গ্রামের সিরু মিয়া সরদার নামের এক ব্যক্তি জানান, তিনি তীরেই ছিলেন। বজ্রপাতের পর খেয়া নৌকার কাছে গিয়ে তিনি দেখতে পান কৃষিশ্রমিক ইয়াকুব ও আবুল কালাম বসে আছেন। কিন্তু ধরতে গেলেই তাঁরা ঢলে পড়েন। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। খেয়া নৌকার আরও চারজন আরোহী তখন নিখোঁজ ছিলেন। রাত প্রায় ১২টার দিকে নদীতে জাল ফেলে তাঁদের লাশ উদ্ধার করা হয়।কৃষিশ্রমিকদের লাশ তাঁদের স্বজনেরা গতকাল বৃহস্পতিবার দুপুরে নিয়ে গেছেন। এ ছাড়া চিনাইর গ্রামের তিনজনের লাশ চিনাইর বাজার এলাকায় কবরস্থানে দাফন করা হয়।