ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় স্কুলছাত্র নিহত, গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শহর বাইপাস সড়কের বিরাসার এলাকায় গতকাল সোমবার বাসের চাপায় আরিফুল ইসলাম (৭) নামের এক স্কুলছাত্র মারা গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে এবং বাস, ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে।আরিফুল শহরের বিরাসার গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে শহরের চাইল্ড ফেয়ার স্কুলের ছাত্র।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় আরিফুল স্কুল শেষে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কুমিল্লাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে। খবর পেয়ে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বেলা দেড়টায় যান চলাচল স্বাভাবিক হয়।সদর থানার ওসি আবদুর রব প্রথম আলোকে বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।নিরাপদ সড়কের দাবিতে: কসবা উপজেলায় গতকাল সোমবার নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন হয়েছে। বেসরকারি সংগঠন সার্চের উদ্যোগে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।পরে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কসবা রেলস্টেশন সড়কে মানববন্ধন হয়। এতে সার্চের সদস্য ছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।এতে সভাপতিত্ব করেন সার্চের সভাপতি রকিবুল হক। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ইউএনওর মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়।