ব্রাহ্মণবাড়িয়ায় বাসশ্রমিকদের সড়ক অবরোধ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের লোকজন গতকাল বৃহস্পতিবার দুই ঘণ্টা ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের তিন দিকে অন্তত নয় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
গত বুধবার ও গতকাল সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকেরা কয়েকটি যাত্রীবাহী বাস ভাঙচুর এবং একাধিক চালককে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে শ্রমিক ইউনিয়ন এই অবরোধ করে। গতকাল সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই অবরোধ চলে।
গত বুধবারও শ্রমিকেরা ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর এলাকায় ইসহাক মিয়া (৩০) নামের এক অটোরিকশাচালকের সঙ্গে বাসচালক আনোয়ার হোসেনের (৩৫) কথা-কাটাকাটি হয়। এ সময় নন্দনপুরের মানিক মিয়া (৩৫) ও তাঁর দলবল আনোয়ারকে মারধর করে। গত বুধবার রাতে আনোয়ার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। পুলিশ গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেননি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল পৌনে নয়টার দিকে বিশ্বরোড মোড়ের এক ফিলিং স্টেশনের সামনে আশুগঞ্জ থেকে জেলা সদরগামী যাত্রীবাহী একটি বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটির চালক মহব্বত আলী (২২) গুরুতর আহত হন এবং অটোরিকশাটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। অটোরিকশাচালকদের অভিযোগ, গত বুধবারের ঘটনার জের ধরে ওই বাসচালক ইচ্ছাকৃতভাবে অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অটোরিকশার চালক মোরশেদ মিয়া ও খোকন মিয়ার নেতৃত্বে ১০ থেকে ১২ জন লাঠিসোঁটা নিয়ে বিশ্বরোড মোড় এলাকায় অবস্থান নিয়ে অভ্যন্তরীণ রুটের পাঁচটি বাস ভাঙচুর করেন। এ সময় তাঁদের হামলায় বাসচালক সোলেমান মিয়া, নবী হোসেন, মোজাম্মেল হক, শাবাব উদ্দিন আহত হন।
এ ঘটনার প্রতিবাদে সকাল নয়টার দিকে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের লোকজন সরাইল বিশ্বরোড মোড় এলাকায় মহাসড়কের ওপর এলোপাতাড়িভাবে বেশ কয়েকটি বাস রেখে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। এতে মহাসড়কের তিন দিকে নয় কিলোমিটার এলাকাজুড়ে যানজট হয়। দুর্ভোগে পড়েন অভ্যন্তরীণ ও দূরপাল্লার পথের হাজার হাজার যাত্রী।
সমাবেশে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আনিছ মিয়া বলেন, বুধবারের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরাই গতকালের ঘটনা ঘটিয়েছেন। তাঁরা পুলিশ প্রশাসনের কাছে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. স্বপন বলেন, ‘বাসচালকেরা আমাদের সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে তারাই উল্টো মহাসড়ক অবরোধ করেছে। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে।’ তিনি দাবি করেন, এই বিশৃঙ্খলার জন্য অটোরিকশাচালকদের কোনো দোষ নেই।