ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের (সদর ও বিজয়নগর উপজেলার একাংশ) উপনির্বাচন ভোট ডাকাতি ও প্রহসনের নির্বাচন। এই নির্বাচনে বিএনপির বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের পর কোনো কোনো জাতীয় ও স্থানীয় পত্রপত্রিকায় বিএনপির পরাজয়কে দলীয় কোন্দল, অনৈক্য, সমন্বয়ের অভাব দেখিয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃত পক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ঐক্যবদ্ধ ছিল এবং আছে। নির্বাচনে কারচুপির প্রতিবাদে ঐক্যবদ্ধভাবে আন্দোলন হবে।জহিরুল হক বলেন, উপনির্বাচনে বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুবের পক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন, ফলে ধানের শীষের ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়। এই জোয়ারে ভীত হয়ে আওয়ামী লীগ স্থানীয় প্রশাসনের যোগসাজশে জালিয়াতি ও কারচুপির মাধ্যমে বিজয় ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু করে। এ কারণেই সরকারের যোগসাজশে সেনা মোতায়েন করা হয়নি। সংবাদ সম্মেলনে বলা হয়, সেনা মোতায়েন না হওয়ায় এবং জেলা প্রশাসক প্রত্যাহার না হওয়ায় আওয়ামী লীগ প্রশাসন ও দলীয় ক্যাডারদের মাধ্যমে নির্বাচনের এক-দুই দিন আগে থেকেই বিএনপির নেতা-কর্মীদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে এবং জনমনে ভীতির সঞ্চার করে। নির্বাচনের দিন আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা ভোটকেন্দ্র দখল করে। প্রশাসনের পক্ষপাতিত্ব ও নির্বাচন কমিশনের নির্লিপ্ততার জন্য নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবি জানায় বিএনপি।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপনির্বাচনে বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব, জেলা বিএনপির সহসভাপতি ও পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, বিএনপির নেতা শফিকুল ইসলাম, আহসান হাবিব, আনিছুর রহমান, সিরাজুল ইসলাম, গোলাম সারোয়ার প্রমুখ।গত ২৭ জানুয়ারির উপনির্বাচনে বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব ৪০ হাজার ৫১০ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর কাছে পরাজিত হন। নির্বাচনের পর জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকায় উপনির্বাচনে বিএনপির প্রার্থীর পরাজয়ের জন্য দলীয় কোন্দলকে দায়ী করে সংবাদ প্রকাশ করা হয়।সংবাদের একাংশের প্রতিবাদ২৯ জানুয়ারি প্রথম আলোয় প্রকাশিত ‘বিএনপি হেরেছে দলীয় কোন্দলে’ শীর্ষক সংবাদে ছাপা হওয়া বক্তব্যের এক অংশের প্রতিবাদ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থীর প্রধান এজেন্ট সফিকুল ইসলাম।গতকাল পাঠানো ওই প্রতিবাদপত্রে সফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন শেষে আটটি কেন্দ্র বাদে বাকি নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে বলে আমার যে বক্তব্য প্রকাশিত হয়েছে, আমি আসলে তেমন কোনো কথা বলিনি কিংবা বলেছি তা কোনোভাবেই কেউ প্রমাণ করতে পারবেন না। এ ধরনের বক্তব্যে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এর মাধ্যমে বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ন হয়েছে এবং আমাকে দলীয় নেতা-কর্মীদের চাপে পড়তে হয়েছে।’