ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক রিকশাচালক ও এক যাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। উপজেলার আউলিয়া বাজার এলাকার অলিপুর মোড়ে গতকাল সোমবার ওই রিকশার ওপর পল্লী বিদ্যুতের খুঁটির তার ছিঁড়ে পড়লে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালপুর গ্রামের সামসু মোল্লার ছেলে ফারুক মিয়া (২৬) ও ওই গ্রামের মোকতারা বেগম (৪৫)। এতে রিকশার আরেক যাত্রী মোকতারার স্বামী সৈয়দ আলী (৫৫) গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ জানায়, গতকাল বেলা পৌনে ১১টার দিকে সৈয়দ আলী ও তাঁর স্ত্রী মোকতারা বেগম অলিপুর থেকে রিকশায় করে কামালপুরের কিশোরমোড়া কলোনির দিকে রওনা হন। পথে রিকশাটি আউলিয়া বাজার-পাহাড়পুর সড়কের অলিপুর মোড়ে পৌঁছালে হঠাৎ পল্লী বিদ্যুতের খুঁটি থেকে ১১ কেভির একটি বৈদ্যুতিক তার তাঁদের রিকশার ওপর ছিঁড়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রিকশাচালক ফারুক মারা যান এবং মোকতারা ও সৈয়দ আলী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন প্রথমে মোকতারাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে হওনা হন। কিন্তু পথেই তিনি মারা যান। সৈয়দ আলীকে আউলিয়া বাজারে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আউলিয়া বাজার এলাকার কামরুল হাসান, সোহাগ মিয়াসহ কয়েকজন অভিযোগ করেন, বেশ কয়েক দিন ধরে অলিপুর মোড়ের বিদ্যুতের খুঁটির সংযোগ তারটির অবস্থা ভালো ছিল না।
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মামুনুর রশিদ বলেন, বিদ্যুতের সংযোগ দেওয়ার তারে কোনো সমস্যা থাকলে তা ঠিক করা হবে। আর এ ঘটনায় পল্লী বিদ্যুতের কোনো কর্মকর্তার দায়িত্বে অবহেলা থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিজয়নগর থানার ওসি মোস্তফা কামাল পাশা বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।