ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থান পরিদর্শন করেছে তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের তদন্তে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ও বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ার স্থান পরিদর্শন করেছে।দুপুরে তদন্ত দল স্থানীয় সার্কিট হাউসে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয় করেন। এ সময় তদন্ত দলের সদস্য এম সানাউল হক বলেন, গোলাম আযমের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে যথেষ্ট অগ্রগতি আছে। যথাসময়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় অপর সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান উপস্থিত ছিলেন।মতবিনিময়ে মুক্তিযোদ্ধা আলী আকবর অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়ায় যত অপরাধ সংঘটিত হয়েছে, সবগুলোর পেছনেই গোলাম আযমের হাত রয়েছে। মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার দাবি করেন, ‘শুধু পরিচিত মুখই নয়, আমরা চাই তৃণমূল পর্যায়ে যারা অপরাধ করেছে, তাদেরও বিচারের আওতায় আনা হোক।’তদন্ত দলটি পরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ মৌড়াইল গ্রামের মরহুম সিরাজুল ইসলাম মোল্লার বাড়িতে যায়। মুক্তিযুদ্ধের সময় ওই বাড়িতেই পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন কেন্দ্র ছিল। সেখানে মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে দলটি। পরে দলটি আখাউড়া উপজেলায় চলে যায়।