ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় এক কোটি ২৮ লাখ টাকা জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার হওয়া স্ট্যান্ডার্ড ব্যাংকের কর্মকর্তা রানা বণিকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শফিকুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। অর্থ জালিয়াতির এ ঘটনায় রানা ছাড়াও একই ব্যাংকের অন্য একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রব জানান, রানাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রানা স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার জুনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি গ্রাহকদের স্থায়ী আমানতের (এফডিআর) টাকা অন্য হিসাব নম্বরে স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করে আসছিলেন। পরে বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাঁর বিরুদ্ধে গত বুধবার সদর থানায় মামলা করা হয়। তিনি মোট এক কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাঁকে ঢাকার মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। রানার বাড়ি কসবা উপজেলার কুটি গ্রামে। স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোহামঞ্চদ আলী গতকাল প্রথম আলোকে জানান, অর্থ জালিয়াতির ঘটনা রানা ও মামুন মিয়া নামের আরেক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।