নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চরপাড়া এলাকায় আকমাল উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ভাই ও ভাবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বৃদ্ধা কুট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
রূপগঞ্জ থানার কাঞ্চন পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. তছলিমউদ্দিন বলেন, গত ৯ মে কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় রাস্তায় গবাদিপশু বেঁধে রাখতে বাধা দেওয়ায় সাদেক মিয়ার সঙ্গে ছোট ভাই আকমাল উদ্দিনের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে আকমাল উদ্দিনকে সাদেক, তাঁর স্ত্রী সুমা আক্তার এবং ছেলে সুমন ও সোহাগ পিটিয়ে আহত করেন। একপর্যায়ে সুমন ঘরে থাকা বঁটি এনে লোকজনের সামনেই আকমাল উদ্দিনের (২৭) গলায় কোপ দেন। আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় আকমালকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিনই নিহত ব্যক্তির স্ত্রী মর্জিনা বেগম সাদেক মিয়াকে প্রধান আসামি করে ওই চারজনের নামে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।