ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া চিকিৎসকের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল সোমবার ভুয়া সনদধারী একজন চিকিৎসককে কারাদণ্ড এবং অনুমোদনহীন দুটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা এবং সেগুলো সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সূত্র জানায়, শহরের মৌলভীপাড়ায় অবস্থিত আধুনিক শিশু ও জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক স্বপন চন্দ্র সাহাকে গ্রেপ্তার করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আহসান প্রথম আলোকে বলেন, স্বপন সাহার বৈধ চিকিৎসা সনদ ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন নেই। সূত্র জানায়, অনুমোদন না থাকায় শহরের মুন্সেফপাড়ার হলিক্রিসেন্ট শিশু ও জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে ৩৫ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে হালদারপাড়ার গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানোর সময় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ পালিয়ে গেলে সেটিও সিলগালা করে দেওয়া হয়।