ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যপ্রাচ্য প্রবাসী যুবক খুন
ব্রাহ্মণবাড়িয়ায় গত সোমবার রাতে বিদেশফেরত আক্তার খান খাদেম (২৪) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ ফরিদ মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। নিহত আক্তারের বাড়ি আখাউড়া পৌর এলাকার খড়মপুরে। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে পুলিশ সন্দেহ করছে।পুলিশ জানায়, আক্তার ছয় বছর ধরে মধ্যপ্রাচ্য প্রবাসী। ২০ দিন আগে তিনি দেশে ফেরেন। চাচাতো ভাই সুজন খান খাদেম (২৩) তাঁর ছোটবেলার বন্ধু। ঘটনার পর থেকে তিনি পলাতক।পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার জানায়, সুজনের মন রাখতেই কয়েক দিন আগে আক্তার বাজাজ পালসার মডেলের একটি মোটরসাইকেল কেনে। সোমবার সকাল ১০টার দিকে ওই মোটরসাইকেলে করে দুজন ব্রাহ্মণবাড়িয়ায় যায়। একপর্যায়ে সুজন তাঁর মামা জেলা শহরের পইরতলার বাসিন্দা ফরিদ মিয়ার বাড়িতে আক্তারকে আটকে নির্যাতন শুরু করে। সহযোগীদের নিয়ে সুজন তাঁর চোখ উপড়ে ফেলে। আক্তারকে মৃত ভেবে রাত আটটার পর একটি অটো টেম্পোতে তোলে শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর এলাকায় রাস্তার পাশে ফেলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে তাঁর ভাই ও আত্মীয়রা হাসপাতালে যান। সেখান থেকে তাঁকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।নিহতের বড় ভাই তাকদির খান খাদেম (২৮) বলেন, সোমবার সন্ধ্যায় আক্তার তাঁকে ফোন করে বলেছে, সুজন তাঁকে মারধর করছে। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ। ব্রাহ্মণবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম বলেন, আখাউড়ার খড়মপুর গ্রামে প্রায় আট বছর আগে একটি খুনের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে আক্তারকে হত্যা করা হতে পারে।