ব্রাহ্মণবাড়িয়ায় মাটির নিচ থেকে ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি আগ্নেয়াস্ত্র ও ছয়টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জেলা শহরের ভাদুঘর এলাকা থেকে পুলিশ এগুলো উদ্ধার করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাদুঘর বাজারসংলগ্ন এলাকায় একটি কমিউনিটি ক্লিনিকের নির্মাণকাজ চলছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মাটি খোঁড়ার সময় শ্রমিকেরা আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। সদর থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে ১০টি রাইফেল ও একটি এলএমজি। এ ছাড়া তিনটি এসএমসির ম্যাগাজিন, দুটি এলএমজির ম্যাগাজিন, একটি এসএলআরের ম্যাগাজিন পাওয়া গেছে। অস্ত্রগুলোর অধিকাংশই মরিচা ধরে ক্ষয়ে গেছে।স্থানীয় সূত্রের বরাত দিয়ে কবির হোসেন জানান, ১৯৭১ সালে ওই এলাকায় মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প ছিল। অস্ত্রগুলো মুক্তিযুদ্ধের ওই সময়ে মাটির নিচে পুঁতে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) জামিল আহমেদ প্রথম আলোকে বলেন, অস্ত্র্রগুলো নম্বর অনুয়ায়ী যাচাই-বাছাই করা হচ্ছে।