ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার শিক্ষকসহ দুজন খুন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও নাসিরনগর উপজেলায় গত রোববার এক মাদ্রাসা শিক্ষকসহ দুজন খুন হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, হাঁটার রাস্তা নিয়ে নাসিরনগরের ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের কাজীবাড়ি ও মাইজবাড়ির গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েক দিন আগে কাজীবাড়ির লোকজন রাস্তাটি বন্ধ করে দেন। রোববার বিকেলে মাইজবাড়ির বাসিন্দা ও সরাইল উপজেলার শাহবাজপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ জয়নাল আবেদীন (৩৫) বাড়ি থেকে ওই রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিলেন। এ সময় কাজীবাড়ির লোকজন ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করে তাঁকে রাস্তার পাশে খালে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই জয়নাল মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে মাইজবাড়ির লোকজন কাজীবাড়ির ১০টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন। খবর পেয়ে পুলিশ রাতে তাঁর লাশ উদ্ধার করে। গতকাল সোমবার তাঁর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে বাড়ির রাস্তা নিয়ে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামে চাচা ও ভাতিজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শনিবার বিকেলে ওই রাস্তা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। রোববার সকালে চাচা মানিক মিয়া (৩৫) বাড়ি থেকে বের হয়ে চিনাইর চৌরাস্তা মোড়ে এলে ভাতিজা রুবেল মিয়া (২৪) পেছন থেকে তাঁর ঘাড়ে চায়নিজ কুড়াল দিয়ে কোপ দেন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর গলায় ও মাথায় আরও একাধিক কোপ দেন রুবেল। এতে ঘটনাস্থলেই মানিক মারা যান মানিক।সদর থানার ওসি আবদুর রব জানান, এ ঘটনায় মানিকের স্ত্রী আলিয়া বেগম বাদী হয়ে গতকাল রুবেল ও কবির হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় কবিরকে গ্রেপ্তার করা হয়েছে।