ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন সরাইলে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদের খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন, মিছিল ও কালো পতাকা উত্তোলন করা হয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয় সরাইল উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে। এ সময় সমিতির সভাপতি আবদুল বাতেনের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, আবদুস সামাদ, সৈয়দ তানভির আহমেদ, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, সাইফ উল্লাহ ঠাকুর, আশরাফ উদ্দিন, জয়নাল উদ্দিন প্রমুখ।ইকবাল হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সকাল থেকে সরাইল উপজেলা সদরের সব ব্যবসাপ্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করেন স্থানীয় ব্যবসায়ীরা। দুপুরে উপজেলা সদরে মিছিল করেন ইকবালের সমর্থকেরা। এর আগে গত রোববার সরাইল বিশ্বরোড মোড়ে ঢাকাস্থ সরাইল থানা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন থেকে বক্তারা তিন দিনের মধ্যে ইকবাল হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তার ও ১০ দিনের মধ্যে অভিযোগপত্র দাখিলের সময় বেঁধে দেন। গতকাল তিন দিনের সময় শেষ হলেও নতুন কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী গতকাল প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে। ২১ অক্টোবর সন্ধ্যায় সরাইল উপজেলা সদরে দলীয় প্রতিপক্ষের দায়ের কোপে ও বল্লমের আঘাতে খুন হন আওয়ামী লীগের নেতা ইকবাল। এ ঘটনায় সরাইল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আট-দশ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডের পরপরই ওই মামলায় চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।