ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএমএর সাধারণ সম্পাদক ও যুবলীগের একজন সহসভাপতির মধ্যে বিরোধের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মিছিল-সমাবেশ হয়েছে। এরপর গতকাল বৃহস্পতিবার দুপুরে যুবলীগের সহসভাপতি আশিকুল আলম ওরফে বাবলুকে গ্রেপ্তার করে পুলিশ। আশিকুলের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা শহরে দুই দফায় বিক্ষোভ মিছিল করেন।গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের শহীদ মিলন কক্ষে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের অবাসিক চিকিৎসক ও বিএমএ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, আশিকুল আলম চার মাস আগে হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন এক রোগীর ব্যবস্থাপত্রে লেখা ইনজেকশনের বিকল্প হিসেবে তাঁর (আশিকুল) তৎকালীন ওষুধ কোম্পানির একটি ইনজেকশন না দেওয়ায় কর্তব্যরত সেবিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা এবং হাসপাতালে চার-পাঁচ দিন কর্মবিরতি পালন করা হয়। তখন আশিকুলের মা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিনারা আলম আওয়ামী লীগের নেতাদের নিয়ে সমঝোতা করেন। ওই ঘটনার পর ওষুধ কোম্পানি আশিকুলকে চাকরিচ্যুত করলে কিছুদিন হাসপাতালে তাঁর আনাগোনা বন্ধ থাকে। সম্প্রতি আরেকটি কোম্পানির ওষুধ ব্যবস্থাপত্রে লেখার জন্য তিনি হাসপাতালের চিকিৎসকদের চাপ দেন। উচ্চমূল্যের এই ভিটামিন ট্যাবলেটগুলো তাঁর প্রত্যাশিত মাত্রা অনুযায়ী চিকিৎসকেরা ব্যবস্থাপত্রে না লেখায় তিনি ক্ষুব্ধ হয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে ঢুকে তাঁদের হুমকি-ধমকি দেন।আবু সাঈদ জানান, চিকিৎসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য তিনি আশিকুলকে গ্রেপ্তারের দাবিতে হাসপাতালে প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী গত বুধবার সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। এ সময় চিকিৎসক, সেবিকা ও কর্মচারীরা হাসপাতাল চত্বরে মিছিল-সমাবেশ করেন।বুধবার সন্ধ্যায় আশিকুলের সমর্থকেরা চিকিৎসক আবু সাঈদের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ এনে তাঁকে অপসারণের দাবিতে শহরে জুতা ও ঝাড়ুমিছিল করেন। মিছিল শেষে পৌর আধুনিক মার্কেটের সামনে সমাবেশে আবু সাঈদের কুশপুত্তলিকা দাহ করা হয়। গতকাল সকাল ও দুপুরে উভয় পক্ষ ফের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে।এই পরিস্থিতিতে গতকাল দুপুর দুইটায় সহকারী পুলিশ সুপার সঞ্জয় সরকারের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সিটি সেন্টার থেকে আশিকুল আলমকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আশিকুলকে গ্রেপ্তারের প্রতিবাদে শহরের কান্দিপাড়া ও শিমরাইলকান্দির ৫০-৬০ জন যুবক দক্ষিণ কালীবাড়ি ও রেলগেইট এলাকায় কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেন। রাত সাড়ে আটটার দিকে আশিকুলের মুক্তির দাবিতে দুই শতাধিক লোক মিছিল বের করে। এ সময় মিছিলকারীদের পুলিশ ধাওয়া করে। এতে পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫টি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের ১০টি শেল ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আটক করা হয় পাঁচজনকে।সহকারী পুলিশ সুপার সঞ্জয় সরকার গতকাল রাত ১০টার দিকে প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনিত ঘটানোর কারণে পুলিশ আশিকুলকে গ্রেপ্তার করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।