ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার বিবরণ ও গৃহবধূর ভাষ্য অনুযায়ী, ২০০৭ সালে সদর উপজেলার কান্দিরপাড়ার ব্যবসায়ী তপন রায় ওরফে ডলার তপনের সঙ্গে নাসিরনগর উপজেলার জিতেন্দ্র দাসের মেয়ে শিল্পী দাসের বিয়ে হয়। বিয়ের পর শিল্পী জানতে পারেন তপনের আরও এক স্ত্রী ও কয়েকজন সন্তান রয়েছে। কয়েক মাস আগে তপন তিন লাখ টাকা যৌতুকের জন্য তাঁকে চাপ দেন। দাবি মেটাতে না পারায় তপন তাঁর ভরণ-পোষণ বন্ধ করে দেন। ৫ জুন তপন জরুরি কথা আছে বলে তাঁকে কর্মস্থল থেকে ডেকে কান্দিরপাড়ায় প্রথম স্ত্রীর বাসায় নিয়ে যান। সেখানে তপন ও তাঁর সন্তানেরা তাঁকে বেঁধে লাঠিপেটা করে আহত করেন। তপন নির্যাতন করার কথা স্বীকার করে বলেন, ‘শিল্পী আমার দ্বিতীয় স্ত্রী। তাঁর সঙ্গে পারিবারিক কারণে আমার বিরোধ চলছে।’