ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কালোবাজারে
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ট্রেনের আগাম টিকিট কালোবাজারে চলে যাচ্ছে। কালোবাজারিদের কাছ থেকে দ্বিগুণ, তিন গুণ দামে টিকিট কিনছেন যাত্রীরা। স্টেশন মাস্টার ও টিকিট কাউন্টারের দায়িত্বপ্রাপ্তদের যোগসাজশে সংঘবদ্ধ একটি চক্র টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত বলে সাধারণ যাত্রীরা অভিযোগ করেছেন।যাত্রীদের অভিযোগ, কাউন্টারে প্রতিদিন সকাল নয়টা থেকে তিন দিনের আগাম টিকিট বিক্রি শুরু হয়। প্রায় দিনই দেড় থেকে দুই ঘণ্টা পর কাউন্টারে গেলে টিকিট শেষ হয়ে গেছে বলে জানিয়ে দেওয়া হয়। কিছুদিন আগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক কালোবাজারিসহ স্টেশনের এক কর্মচারীকে দণ্ড দেন।টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত দুজনের সঙ্গে প্রথম আলোর এই প্রতিবেদকের কথা হয়। নিরাপত্তার খাতিরে তাঁরা নাম প্রকাশ করতে চাননি। তাঁরা জানান, প্রতিদিন সকাল নয়টা বাজামাত্রই কম্পিউটার থেকে আগাম ২০টি করে টিকিট কেটে নেন স্টেশন মাস্টার মো. ওয়াহিদুজ্জামান ও বুকিং ইনচার্জ ফারুক মিয়া। এসব টিকিট স্টেশনসংলগ্ন উত্তর মৌড়াইল এলাকার সংঘবদ্ধ চক্রের মাধ্যমে যাত্রীদের কাছে বিক্রি করেন তাঁরা।রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকার কয়েকজন বাসিন্দা, স্টেশনের কর্মচারী ও ওই দুই কালোবাজারির সঙ্গে কথা বলে জানা যায়, রেলের টিকিট কালোবাজারির সঙ্গে শহরের উত্তর ও দক্ষিণ মৌড়াইল, দক্ষিণ পৈরতলা এলাকার কমপক্ষে ১০ জন জড়িত। এর মধ্যে চারজনের সঙ্গে কথা বলা গেছে। তাঁরা হলেন—উত্তর মৌড়াইলের আলম মিয়া, জালাল মিয়া, ভুট্টু মিয়া ও সাচ্চু। তাঁরা সবাই টিকিট কালোবাজারে বিক্রির কথা স্বীকার করে বলেন, প্রতিটি টিকিটের বিপরীতে স্টেশনের কাউন্টার সহকারীকে ১৫-২০ টাকা করে দিতে হয়। বাকি ছয়জনের সঙ্গে কথা বলা সম্ভব না হওয়ায় তাঁদের নাম প্রতিবেদনে দেওয়া হয়নি।রেলস্টেশন সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী ট্রেনের টিকিটের (শোভন) দাম ৬৫ ও চট্টগ্রামের ১০৫ টাকা। কিন্তু কালোবাজারিদের কাছ থেকে সেই টিকিট ১৫০ ও ৩০০ টাকায় কিনতে হয়। ১৯৬ টাকার প্রথম শ্রেণীর টিকিট কালোবাজারে ৪৫০-৫০০ টাকায় বিক্রি হয়। এভাবে প্রতিদিন প্রায় পাঁচ শ টিকিট বিক্রি হয়।ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় যাওয়ার জন্য আন্তনগর ট্রেন রয়েছে ছয়টি। এসব ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ার জন্য নির্ধারিত আসন রয়েছে ৬১৫টি। অথচ প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় যাতায়াত করছে দেড় হাজারের বেশি যাত্রী।ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, স্টেশন মাস্টার, বুকিং ইনচার্জ ও কাউন্টারের বুকিং সহকারীর সহায়তায় আন্তনগর সব ট্রেনের আগাম টিকিট চলে যাচ্ছে কালোবাজারে। শহরের হালদারপাড়া এলাকার দীপংকর মজুমদার অভিযোগ করেন, ‘তিন দিন আগে এসেও কাউন্টার থেকে টিকিট পাইনি। এত টিকিট কেটে নিল কারা?’ঢাকার ইডেন মহিলা কলেজের ছাত্রী নীলিমা রুনুর অভিযোগ, ‘কাউন্টারে টিকিট চাওয়া মাত্রই মুখস্থ বলে দেওয়া হয় টিকিট শেষ হয়ে গেছে। অথচ বাইরে ঘুর ঘুর করতে থাকা কালোবাজারিদের হাতে দ্বিগুণ টাকা দিলেই মিলে যায় টিকিট। তাঁরা জিআরপি পুলিশের সামনেই টিকিট বেচাকেনা করছেন।’মাস দেড়েক আগে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযান চালিয়ে আন্তনগর ট্রেনের ১১টি টিকিটসহ জাকির হোসেন (২৬) নামে এক কালোবাজারিকে দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর দেওয়া তথ্য ও স্টেশনে উপস্থিত যাত্রীদের অভিযোগের ভিত্তিতে স্টেশনের কর্মচারী সোহাগ মিয়াকেও গ্রেপ্তার করেন ভ্রাম্যমাণ আদালত।অভিযোগ অস্বীকার করে স্টেশন মাস্টার মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমরা টিকিট বিক্রির সঙ্গে জড়িত নই। কালোবাজারিরা ধরা পড়লেই আমাদের নাম বলে দেয়।’ বুকিং ইনচার্জ ফারুক মিয়া বলেন, ‘আমরা কাউন্টার থেকে কোনো টিকিট নিই না। কালোবাজারিরা সব উল্টাপাল্টা বলে। তবে মাঝেমধ্যে ভিআইপিদের জন্য দু-একটি টিকিট কাটতে হয়।’ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘ট্রেনের টিকিট কালোবাজারির বিষয়ে স্থানীয় যাত্রীদের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিছুদিন আগে দুজনকে দণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত রেলওয়ের লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেল মন্ত্রণালয়ে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে।’