ব্রাহ্মণবাড়িয়ায় রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় আবদুল ওয়াদুদ খলিফা (৭০) নামের সাবেক এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে কুমারশীল মোড়ের ওই হাসপাতালে এ ঘটনা ঘটে। আবদুল ওয়াদুদের মৃত্যুর খবর শোনার পর স্বজনেরা গিয়ে হাসপাতালের জানালার কাচ ভাঙচুর করেন।
আবদুল ওয়াদুদের বাড়ি সদর উপজেলার কোড্ডা গ্রামে। তিনি কোড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তাঁর বড় ছেলে হাফিজুর রহমান খলিফা প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে পা পিছলে পড়ে তাঁর বাবা আবদুল ওয়াদুদের বাম হাতের কনুইয়ের ওপরের হাড় ভেঙে যায়। গত শুক্রবার বিকেলে তাঁকে অর্থোপেডিক বিশেষজ্ঞ বি পি দাসের তত্ত্বাবধানে ওই হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় তাঁর বাবাকে অস্ত্রোপচারকক্ষে ঢোকানো হয়। রাত আটটার দিকে তাঁরা তাঁকে (বাবা) মৃত অবস্থায় দেখতে পান।
হাফিজুর আরও বলেন, তাঁর বাবা উচ্চ রক্তচাপে ভুগছিলেন। নিষেধ করা সত্ত্বেও চিকিৎসকেরা তাঁরা বাবার অস্ত্রোপচার করেন। এ কারণে তাঁর বাবাকে এভাবে মৃত্যুবরণ করতে হলো। প্রত্যক্ষদর্শী লোকজন সূত্রে জানা গেছে, আবদুল ওয়াদুদের মৃত্যুর খবর শোনার পর স্বজনেরা হাসপাতালে ভিড় করেন। একপর্যায়ে তাঁরা হাসপাতালের জানালার কাচ ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অবেদনবিদ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, অস্ত্রোপচারের সময় আবদুল ওয়াদুদের রক্তচাপের মাত্রা ছিল ১৪০/৮০। কিন্তু অস্ত্রোপচার শেষে তা দাঁড়ায় ২৪০/১২০।
অর্থোপেডিক বিশেষজ্ঞ বি পি দাস বলেন, তিনি অস্ত্রোপচার করেন। ভর্তির সময় রোগীর (আবদুল ওয়াদুদ) শরীরে সোডিয়ামের পরিমাণ কম ছিল। তবে অস্ত্রোপচারের আগে রোগীর রক্তচাপ বেশি ছিল। অস্ত্রোপচার শেষে রক্তচাপ আরও বেড়ে যাওয়ায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে রোগী মারা যান।