ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘী ও বিটুই নামক এলাকার মধ্যবর্তী স্থানে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতের হামলায় দৈনিক সকালের খবর পত্রিকার সহসম্পাদক (সাব-এডিটর) সোহরাব হোসেন আহত হয়েছেন।
গত সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোহরাব তাঁর ছোট ভাই বদিউল সাকিবের (১২) মরদেহ নিয়ে নিজ গ্রাম ভলাকুটে যাচ্ছিলেন। এ সময় মুখোশ পরা একদল সশস্ত্র ডাকাত অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে অ্যাম্বুলেন্সে থাকা সোহরাব ও তাঁর স্বজনদের কাছ থেকে টাকা, সাতটি মুঠোফোন এবং সোনার গয়না লুট করে।
এ সময় ডাকাতেরা সোহরাবকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদির প্রথম আলোকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আফজল খাঁ এবং নাদিম মিয়া নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।