ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষক শিক্ষার্থীদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের অংশবিশেষ ধসে গভর্নমেন্ট মডেল গার্লস হাইস্কুলের ইংরেজির শিক্ষক জীবন কুমার শীলের মৃত্যুর ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে শহরের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সমাবেশ করেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে এই প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশ শেষে গভর্নমেন্ট মডেল গার্লস হাইস্কুলের শিক্ষক ও ছাত্রীরা জেলা প্রশাসকের কাছে সঞ্চারকলিপি দেয়।অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গভর্নমেন্ট মডেল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান চৌধুরী, আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোবারক হোসেন প্রমুখ। বহুতল ভবন লুৎফুর রহমান টাওয়ারের মালিক লুৎফুর রহমানসহ অন্য আসামিদের আগামী শনিবারের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। অন্যথায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। ৪ জুন রাতে হালদারপাড়ার বাসায় ফেরার পথে শিক্ষক জীবন কুমারের ওপর ওই বহুতল ভবনের অংশবিশেষ ধসে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় লুৎফরসহ ১০ জনকে আসামি করে সদর থানায় মামলা হয়েছে।