ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষক সংকট
২০১২ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় নাসিরনগর উপজেলার সাইয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাসের হার ছিল শূন্য। শাস্তিস্বরূপ প্রধান শিক্ষকসহ চার শিক্ষককে অন্যত্র বদলি করা হয়। পরে প্রধান শিক্ষক ছাড়া কোনো পদেই আর পদায়ন হয়নি।
প্রধান শিক্ষক নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ে শিক্ষকের পদই ছয়টি। বর্তমানে তিনিসহ দুজনকে সামলাতে হচ্ছে পাঠদানসহ সব কার্যক্রম। একজন ছুটি নিলে সবকিছু সামলাতে হয় অন্যজনকে।
সাইয়াউক গ্রাম ছাড়াও আশপাশের চারটি গ্রামের ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে পড়ে। এসব গ্রামের সাত-আটজন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেল, হাওরবেষ্টিত উপজেলা হওয়ায় এমনিতেই নাসিরনগরের ছেলেমেয়েরা অন্যান্য উপজেলার তুলনায় পিছিয়ে থাকে। তার ওপর শিক্ষকের সংকট প্রকট হওয়ায় তাঁদের দুশ্চিন্তার শেষ নেই।
নাসিরনগরসহ ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলাতেই শিক্ষকের সংকট এখন প্রকট। জেলার ৩৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি সহকারী শিক্ষকের পদ খালি ৪৯৫টি। সবচেয়ে খারাপ অবস্থা নাসিরনগর, বাঞ্ছারামপুর, নবীনগর ও সরাইল উপজেলায়।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র বলছে, ব্রাহ্মণবাড়িয়ায় মোট ১ হাজার ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১২৮টি বিদ্যালয়ের মধ্যে ২১টিতে প্রধান শিক্ষকের পদ ও ১৯টি সহকারী শিক্ষকের পদ শূন্য; নাসিরনগরে ১২৪টি বিদ্যালয়ের মধ্যে ৫৩টিতে প্রধান শিক্ষকের পদ ও ৯৭টি সহকারী শিক্ষকের পদ শূন্য; সরাইলে ১২৬টি বিদ্যালয়ের মধ্যে ৪৫টিতে প্রধান শিক্ষকের পদ ও ৩৬টি সহকারী শিক্ষকের পদ শূন্য; বিজয়নগরে ৯৯টি বিদ্যালয়ের মধ্যে ৩৫টিতে প্রধান শিক্ষকের পদ ও ৭৭টি সহকারী শিক্ষকের পদ শূন্য; আশুগঞ্জে ৪৭টি বিদ্যালয়ের মধ্যে ১৫টিতে প্রধান শিক্ষকের পদ ও ১৯টি সহকারী শিক্ষকের পদ শূন্য; আখাউড়ায় ৫২টি বিদ্যালয়ের মধ্যে ১০টিতে প্রধান শিক্ষকের পদ ও ১৭টি সহকারী শিক্ষকের পদ শূন্য, কসবায় ১৬২টি বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতে প্রধান শিক্ষকের পদ ও ২৫টি সহকারী শিক্ষকের পদ শূন্য; নবীনগরে ১৯০টি বিদ্যালয়ের মধ্যে ৮৬টিতে প্রধান শিক্ষকের পদ ও ১০০টি সহকারী শিক্ষকের পদ শূন্য এবং বাঞ্ছারামপুরে ১৩৫টি বিদ্যালয়ের মধ্যে ৩৫টিতে প্রধান শিক্ষকের পদ ও ১০১টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে।
সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের ধামচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, প্রধান শিক্ষক না থাকায় ১০ মাস ধরে তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ২০১৩ সালে বিদ্যালয়টি নিম্নমাধ্যমিকে রূপান্তর করা হয়। এখন বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮০০; অথচ প্রধান শিক্ষক নেই। এত বড় একটা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজ সামলাতে তিনি হিমশিম খাচ্ছেন।
বিভিন্ন উপজেলার ৮-১০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষকের সংকট থাকায় বিদ্যালয়গুলোর প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম উভয় ক্ষেত্রেই মারাত্মক সমস্যা হচ্ছে। ছেলেমেয়েদের যথেষ্ট ক্লাস না নিয়েই পরীক্ষায় বসাতে হচ্ছে। বিশেষ করে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলে এর প্রভাব পড়েছে। আর প্রধান শিক্ষক না থাকলে প্রশাসনিক কাজকর্ম খুবই দুর্বল হয়ে যায়। এর ফলে স্কুলের সার্বিক উন্নয়নও বাধাগ্রস্ত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্য পদগুলো পূরণের বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। শিক্ষক পদায়নের বিষয়টি অনেকাংশে চূড়ান্তও হয়েছে। ফলে অচিরেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে বলে আশা করছেন তিনি।