ব্রাহ্মণবাড়িয়ায় শিশু উদ্ধার গ্রেপ্তার ৩
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর থেকে জন্নাত ইসলাম নামের আট বছরের একটি শিশুকে অপহরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গত শনিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার মজলিশপুর গ্রামের কালন খাঁ (২৮) ও তোফাজ্জল মিয়া (১৮) এবং জগৎসার গ্রামের মমিন মিয়ার ছেলে মহসিন মিয়া (১৮)। পুলিশ জানায়, জান্নাত ইসলাম সরাইল উপজেলার দক্ষিণ আরিফাইল গ্রামের হোসেন মিয়ার মেয়ে। সে মজলিশপুর গ্রামে নানার বাড়ি বেড়াতে এসেছিল। শনিবার সকাল ১০টার দিকে অপহরণকারীরা তাকে চকলেট কিনে দেওয়ার কথা বলে নিয়ে যায়। পরে তারা শিশুটির বাবা হোসেন মিয়ার মুঠোফোনে কল করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। জান্নাতের বাবা এ ঘটনা সদর থানায় জানালে পুলিশ অভিযান চালিয়ে শহরের ভাদুঘর থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘উদ্ধারের পর সকালে আমরা শিশুটিকে আদালতে পাঠিয়ে দিই। এ ব্যাপারে শিশুটির চাচা মাহফুজ মিয়া বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে অপহরণের মামলা করেছেন।’