ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ও প্রতিবন্ধীদের জন্য ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় সুবিধাবঞ্চিত শিশু ও প্রতিবন্ধীদের নিয়ে নেচে-গেয়ে বিশ্ব ভালোবাসা দিবস উদ্‌যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও আখাউড়ায় কয়েকটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

গতকাল বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সামাজিক সংগঠন ‘ডুয়িং সামথিং ডিফারেন্ট ফর ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটা, খেলনা ও ফুল বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম, রাজনীতিবিদ কমরেড নজরুল ইসলাম, খেলাঘর জেলা শাখার সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, সাংবাদিক জাবেদ রহিম, উজ্জ্বল চক্রবর্তী, জুয়েলুর রহমান প্রমুখ।

ফেসবুক-ভিত্তিক সংগঠন ‘বন্ধু তোমাকে চাই অসহায় মানুষের পাশে’র উদ্যোগে জেলা পুলিশ লাইনসে প্রতিবন্ধীদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার প্রমুখ।

আখাউড়া উপজেলায় আশিকুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের একটি অংশ ভালোবাসা দিবস উপলক্ষে রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত ৪০ শিশুর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করে।