মরিশাসে সড়ক দুঘর্টনায় নিহত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার সাত যুবকের লাশ গতকাল শনিবার তাঁদের নিজ নিজ গ্রামে দাফন করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারে চলছে শোকের মাতম।যে সাতজনের লাশ দাফন করা হয়েছে তাঁরা হলেন: জেলার সরাইল উপজেলার শোলাহাটি গ্রামের আক্তার আলী (২৩), আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের রাকিবুল হাসান (২৩), বিজয়নগর উপজেলার গোয়ালনগর গ্রামের জয় হোসেন (২৬), আখাউড়া উপজেলার নীলাখাত গ্রামের সাইদুর, কসবা উপজেলার চকচন্দ্রপুর গ্রামের সাগর (২২), সৈয়দবাদ গ্রামের মোস্তাফিজুর রহমান (২৫) ও আল-মামুন (৩০)। মরিশাসে গত বুধবার সকালে মাইক্রোবাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ১১ বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন। তাঁদের মধ্যে এ সাতজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে মরদেহগুলো তাঁদের স্বজনেরা গ্রহণ করেন। গভীর রাতে লাশগুলো নিজ নিজ গ্রামে পৌঁছায়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সৈয়দাবাদ মাদ্রাসা মাঠে জানাজা শেষে আল-মামুন ও মোস্তাফিজুরের লাশ তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাদ জোহর চকচন্দ্রপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে সাগরের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।গতকাল সকালে নিহত সাগরের বাড়ি গিয়ে দেখা যায় তাঁর মা ও বাবা বুক চাপড়ে আহাজারি করছেন। মা আছিয়া খাতুন (৫০) বার বার মূর্ছা যাচ্ছেন। চার ভাই ও তিন বোনের মধ্যে সাগর ছিলেন দ্বিতীয়। মা আছিয়া খাতুন জানালেন ১১ জানুয়ারি সাগর তাঁকে ফোন করে জানান, ‘মা আমি ভালো আছি। গার্মেন্টসের একটি ভালো চাকরি পেয়েছি। কিছুদিন পর বেতন পাব। তখন দেশে টাকা পাঠাব। ওই টাকা দিয়ে ঋণের কিছু টাকা দিয়ে দিয়ো।’সৈয়দাবাদ গ্রামের নিহত আল-মামুনের বাড়িতে গিয়ে দেখা গেছে হূদয়বিদারক দৃশ্য। স্বামীর মৃত্যুর খবরে স্ত্রী শবনম আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন। চার বছরের মেয়ে সুমাইয়া আক্তার ও আড়াই বছরের ছেলে মুন জানে না তাদের বাবা আর নেই। চার ভাই ও এক বোনের মধ্যে আল-মামুন ছিলেন দ্বিতীয়। নিহত মুস্তাফিজুরের বাড়িতেও দেখা গেছে তাঁর মা ছালমা বেগম (৪৫) বিলাপ করছেন। তিনি বলেন, ‘বাবা আমারে ফোন করে বলেছে মা আমি খুব ভালো আছি।’ সরাইল উপজেলার ভূমিহীন কৃষক আলী আফজালের চার ছেলে ও এক মেয়ের মধ্যে আক্তার আলী ছিলেন চতুর্থ। গতকাল দুপুর ১২টায় পানিশ্বর বাজারে জানাজা শেষে গ্রামের গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। আশুগঞ্জ উপজেলার দুর্গম গ্রাম দুর্গাপুরের হতদরিদ্র আলী আফজালের চার ছেলে ও চার মেয়ের মধ্যে রাকিবুল ছিলেন ভাইদের মধ্যে দ্বিতীয়। তাঁর মা আমেনা খাতুন কাঁদছেন আর প্রলাপ বকছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জানাজা শেষে তাঁর লাশ স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। বিজয়নগর উপজেলার গোয়ালনগর গ্রামের ভূমিহীন কৃষক আবু তাহের মিয়ার একমাত্র সন্তান জয় স্ত্রী ও তিন মাস বয়সের একটি পুত্রসন্তান রেখে গেছেন। মৃত্যুর খবর পেয়েই তাঁর স্ত্রী তাসলিমা বেগম (২২) জ্ঞান হারিয়ে ফেলেন। গতকাল জোহরের নামাজের পর জয়ের লাশ দাফন করা হয়।