ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের 'রহস্যজনক' মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাপ খানের (৬৫) ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। গত বুধবার তিনি মারা যান। তাঁর পরিবারের দাবি, আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক ও তাঁর কর্মী-সমর্থক এবং পুলিশের হয়রানির কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
গোলাপ খানের ছেলে সালমান হয়দার খান বলেন, ‘ইউনিয়নের তেলিনগর বাজার এলাকায় এনামুল হকের একটি নির্বাচনী তোরণ ছিল। গত মঙ্গলবার দিবাগত রাতে তাঁর কর্মী-সমর্থকেরা ওই তোরণে আগুন দেয়। কিন্তু গত বুধবার এ ঘটনায় আমার বাবা ও আমাকে আসামি করে মামলা করেন এনামুল। পুলিশ গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে আমাদের খোঁজে বাড়িতে আসে। গ্রেপ্তার থেকে বাঁচতে বাড়ির পেছন দিয়ে পালানোর চেষ্টার সময় আমার বাবা পড়ে গিয়ে অচেতন হয়ে যান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, তালশহর পূর্ব ইউনিয়নে দুই দফায় চেয়ারম্যান ছিলেন গোলাপ খান। এবার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। কিন্তু এনামুল হক দলীয় মনোনয়ন পেয়েছেন।
সালমান আরও বলেন, ‘অসুস্থ হওয়ায় আমার বাবা দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে পারেননি। কিন্তু এনামুল হক পুলিশ দিয়ে আমাদের হয়রানি শুরু করেন।’
তবে হয়রানির অভিযোগ অস্বীকার করে এনামুল হক বলেন, ‘মানিক ভাই আমাদের শ্রদ্ধার পাত্র। তাঁকে আমরা কোনোভাবে হয়রানি করিনি। পুলিশ এলাকায় মাত্র এক দিন এসেছিল।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মাঈনুর রহমান বলেন, ‘নির্বাচনী কার্যালয় ও তোরণ ভাঙচুরের ঘটনায় এনামুল হক মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ এলাকায় গিয়েছিল। গোলাপ খানকে কোনো হয়রানি করেনি পুলিশ।’