ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী শান্তা আক্তারের (১৫) ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে। গতকাল সোমবার সকালে সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, শান্তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।সরাইল উপজেলার রাজামারিয়াকান্দির হাবিবুর রহমানের মেয়ে শান্তা বেতবাড়িয়া গ্রামে নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। পুলিশ ও গ্রামের লোকজনের ভাষ্যমতে, নানার বাড়ির প্রতিবেশী কলেজছাত্র আমির হোসেনের (২০) সঙ্গে শান্তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত রোববার বিকেলে সে আমিরের বাড়িতে গিয়ে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু আমির বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে লাপাত্তা হয়ে যায়। গতকাল সকাল সাতটার দিকে শান্তা আবারও আমিরের বাড়িতে গিয়ে একটি কক্ষে ঢুকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আমিরের বড় ভাই মনিরুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার ছোট ভাই এই বাড়িতে থাকে না। তার সঙ্গে ওই মেয়ের কোনো সম্পর্ক ছিল না। মেয়েটি তার মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে।’ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আবদুর রব বলেন, প্রাথমিক তদন্তে মেয়েটির সঙ্গে আমিরের প্রেমের সম্পর্ক থাকার সত্যতা পাওয়া গেছে।