ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য বিভাগে নিয়োগ বাতিলের সুপারিশ
ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ বাতিলের দাবিতে গতকাল রোববার দুপুরে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করেন ক্ষুব্ধ চাকরিপ্রত্যাশীরা। তাঁরা এই নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানান। জেলা প্রশাসক গতকালই নিয়োগ বাতিলের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন।নিয়োগ বাতিলের দাবিতে গতকাল দুপুর ১২টায় সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করেন বিক্ষুব্ধ চাকরিপ্রত্যাশীরা। এ সময় সিভিল সার্জনের কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ও ৎব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘেরাওকালে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন-অর রশিদ, ডেপুটি কমান্ডার গাজীমো. রতন মিয়া, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সাধারণ সম্পাদক নিয়ামুল হক, আনোয়ারা বেগম প্রমুখ। বক্তারা অবিলম্বে সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরীর অপসারণ ও প্রত্যাহারের দাবি জানান। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে নিয়োগ বাতিলের জন্য লিখিত আবেদন করেন। জেলা প্রশাসক মো. আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘চাকরিবঞ্চিতরা আমার সঙ্গে দেখা করে নিয়োগে অনিয়মের কিছু তথ্যপ্রমাণ দিয়ে গেছেন। আমি নিয়োগ বাতিলের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি।’ এর আগে গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য বিভাগের কর্মচারী নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ফলাফল বাতিল ও অনিয়মে জড়িত কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে জেলা সদরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।