ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আশুগঞ্জ উপজেলায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল সাতটার দিকে বিজয়নগরের রামপুরা সেতুর কাছে সিলেট থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের আরোহী সনি বেগম (২৫) ও চালক ইসমাইল মিয়া (২৫) মারা যান। আহত হন ওই গাড়ির আরেক আরোহী। তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সনি সিলেট মহানগরের রাজনগর এলাকার ইমতিয়াজ হোসেনের স্ত্রী। ইসমাইল হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঘাটুরা গ্রামের শিশু মিয়ার ছেলে। এদিকে বেলা দুইটার দিকে আশুগঞ্জের সোহাগপুরে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক সোহেল মিয়া (২৪) ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় অটোরিকশার আরও পাঁচ যাত্রী আহত হন। গুরুতর আহত আছমা বেগম, মারুফা বেগম, ইসহাক মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত সোহেল আশুগঞ্জের মুন্সিবাড়ির জামির উদ্দিনের ছেলে।সরাইল বিশ্বরোড মোড় সড়ক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হানিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।