ব্রাহ্মণবাড়িয়ায় হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল
কাল সোমবার নারী উন্নয়ন নীতিমালা বাতিলের দাবিতে সারা দেশে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা হরতাল নিয়ে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া। গতকাল শনিবার দুপুরে হরতালের সমর্থনে কাফনের কাপড় পরে মিছিল-সমাবেশ করেছে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকেরা। অপরদিকে একই সময়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে হরতালের বিপক্ষে মিছিল-সমাবেশ করেছে ছাত্রলীগ। দুপুর ১২টায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ব্যানারে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকেরা সমাবেশ করেন। কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান সিরাজীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাওলানা সাজিদুর রহমান, মুফতি মো. মোবারক উল্লাহ, মো. বোরহান উদ্দিন, মো. মেরাজুল হক, মো. কেফায়েত উল্লাহ। সমাবেশ শেষে কাফনের কাপড় পরে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকেরা শহরে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলী মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় শহরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।অপরদিকে একই সময়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। কলেজের শহীদ মিনারের পাদদেশে জেলা ছাত্রলীগের বিলুপ্ত হওয়া কমিটির সহসভাপতি ও সাবেক ভিপি মো. হাসান সারোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, রুমেল আল-ফয়সল, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান পারভেজ, এনামুল হক, রবিউল হোসেন, তাজুল ইসলাম প্রমুখ। সমাবেশে ছাত্রলীগের নেতারা হরতাল প্রতিহত করার ঘোষণা দেন। প্রসঙ্গত, নারী উন্নয়ন নীতিমালা ও ফতোয়াবিরোধী রায় বাতিলের দাবিতে ৪ এপ্রিল সারা দেশে হরতাল ডেকেছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি। এ নিয়ে গত কয়েক দিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া শহরে পক্ষে-বিপক্ষে কর্মসূচি চলছে।